সুনামগঞ্জে তিন স্কুলে গিয়ে কোনো শিক্ষকের দেখা পেলেন না এমপি কামরুল
প্রকাশিত হয়েছে : ১৫ মে ২০২৬, ৭:১৯:২৫

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল মধ্যনগর উপজেলার কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনটি বিদ্যালয়ে কোনো শিক্ষকের উপস্থিতি পাননি। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত উপজেলার পাঁচটি বিদ্যালয় পরিদর্শনকালে এই চিত্র দেখা যায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এমপি কামরুজ্জামান কামরুল প্রথমে আবিদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যান। সেখানে কোনো শিক্ষককে কর্মস্থলে পাওয়া যায়নি। এরপর পৌনে ১০টার দিকে তিনি দুগনই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছান এবং সেখানেও একই চিত্র দেখতে পান। সবশেষে সকাল ১০টার দিকে কায়েতকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শনে গিয়েও কোনো শিক্ষকের দেখা মেলেনি।
পরিদর্শনকালে সংসদ সদস্য মধ্যনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ও ঘুরে দেখেন। এই দুই বিদ্যালয়ে তিনি পাঠদান কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি ও সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন। তবে অন্য তিনটি বিদ্যালয়ে শিক্ষকদের অনুপস্থিতি নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শন শেষে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, “হাওরাঞ্চলের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে শিক্ষকদের আরও দায়িত্বশীল হতে হবে। শিক্ষার্থীদের সঠিক পাঠদান নিশ্চিত করতে সময়মতো বিদ্যালয়ে উপস্থিতি অত্যন্ত জরুরি।” শিক্ষকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে তিনি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন বলেও জানান।



