জগন্নাথপুরে ২১তম শাহ আশরাফুন্নেছা কামালী স্মৃতি প্রাইমারি মেধাবৃত্তি-২০২৬ প্রদান সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০২৬, ১১:৩৮:৫৪

সিলেট মিরর ডেস্ক : সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা, উন্নয়ন, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘সে ফাউন্ডেশন’-এর উদ্যোগে ২১তম শাহ আশরাফুন্নেছা কামালী স্মৃতি প্রাইমারি মেধাবৃত্তি-২০২৬-এর এর মনোনীত বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে জগন্নাথপুর উপজেলার ৬৮নং শাহারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সে ফাউন্ডেশনের অন্যতম উপদেষ্টা আলাউদ্দিন আহমাদের তত্ত¡াবধানে ও উপ-পরিচালক (অর্থ) ইয়ামিন আহমাদ আদিলের পরিচালনায় বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনায় অংশ নেন- শাহারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরিদুল ইসলাম, শাহারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি সমাজকর্মী আবুল কাশেম, শিক্ষানুরাগী ও ৭৭নং জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সোহেল আহমদ খান টুনু, সে ফাউন্ডেশনের সদস্য আবিরুজ্জামান খান, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আতিকুর রহমান কামালী, মীরপুর মহল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল অদুদ প্রমুখ।

বৃত্তি বিতরণ শেষে বক্তারা বলেন- সে ফাউন্ডেশন কর্তৃক ‘শাহ আশরাফুন্নেছা কামালী স্মৃতি প্রাইমারি বৃত্তি’ আজ থেকে প্রায় ২০ বছর পূর্বে এ সংগঠনের নির্বাহী পরিচালক ও সৈয়দপুর আদর্শ কলেজের সাবেক অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমান এটি প্রবর্তন করেছিলেন। দেখতে দেখতে আজ ২১ বছরে পা দিয়েছে। এ বৃত্তি বিতরণের কারণে শিক্ষার্থীদের মাঝে মেধার বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি হচ্ছে। এতে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি ও উৎসাহ দান যথাযথ ভাবে হচ্ছে।
বক্তারা বলেন- প্রাথমিক শিক্ষা হলো শিক্ষার মূল ভিত্তি। এই স্তরে এরকম বৃত্তি পাওয়ার মাধ্যমে শিক্ষার্থীরা পরবর্তী ধাপগুলোতে ভালো করার জন্য মানসিকভাবে প্রস্তুত হয়ে ওঠে। বক্তারা প্রতিবছর এরকম বৃত্তির আয়োজনের জন্য উপস্থিত শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ ‘সে ফাউন্ডেশন’র সদস্য/ট্রাস্টি/উপদেষ্টা/পরিচালক/উপ-পরিচালকসহ আয়োজনকারীদের ধন্যবাদ জানান।
উল্লেখ্য, প্রতিবছর সে ফাউন্ডেশনের সকল সদস্য ও তাঁদের পরিবারের আর্থিক অনুদানে এ বৃত্তি নিয়মিত প্রদান করা হচ্ছে। এ পর্যন্ত ২০৮১ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে এই বৃত্তির নগদ অর্থ ও সনদপত্র প্রদান করা হয়েছে।



