হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্রীর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ০৭ জুন ২০২৬, ১১:০৩:৩৪

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বাবার পোলট্রি খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাইবা আক্তার (৭) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
রোববার (৭ জুন) সকালে উপজেলার দিয়াগাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাইবা আক্তার ওই গ্রামের রুবেল মিয়ার মেয়ে। সে স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশেই বাবার পোলট্রি খামারে যায় তাইবা। এ সময় খামারের ভেতরে ঝুলে থাকা একটি বিদ্যুতের তারের সংস্পর্শে এলে সে গুরুতর আহত হয়।
পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা খামার ও বসতবাড়ির আশপাশে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সংযোগের বিষয়ে সতর্কতা বাড়ানোর দাবি জানিয়েছেন।



