সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১৭ এপ্রিল ২০২৬, ১:৫৮:০৯

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সিলেটের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে অর্ধশত শিশু।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের সহকারী পরিচালক (রোগনিয়ন্ত্রণ) ডা. মোহাম্মদ নূরে আলম শামীম বিষয়টি নিশ্চিত করেছেন।
হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া দুই শিশু হলো- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আবদুল্লাহ (১০ মাস) ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হুজাইফ (১০ মাস)।
এর আগে, হামের উপসর্গ নিয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিন শিশুর মৃত্যু হয়।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় থেকে পাঠানো এক প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে হামের উপসর্গ নিয়ে আরও ৫২ জন শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ১৭ জন সিলেটের শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি আছে। এ ছাড়া মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২০ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৭ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৪ জন, জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন এবং একজন করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার সকাল পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন ৯৯ জন। এর মধ্যে শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৪২ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৫ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৯ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৮ জন, ৩ জন করে ভর্তি আছেন নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ২ জন ভর্তি আছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।



