দোয়ারাবাজারে নৌকাডুবিতে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২১ আগস্ট ২০২২, ৩:১০:০৫
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজারে সুরমা নদীতে খেওয়া নৌকা ডুবে নিখোঁজ শামছুলের মরদেহ ভেসে ওঠেছে। রোববার সকালে পুলিশ ঘটনাস্থলের পাশের চর থেকে মরদেহটি উদ্ধার করেছে। দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর সমকালকে এসব তথ্য জানিয়েছেন।
গত শুক্রবার রাত ৮টায় দোয়ারাবাজার উপজেলা সদরের ঘাট থেকে খেওয়া নৌকা আজমপুর ঘাটে যাচ্ছিল। এসময় নৌকার সঙ্গে বাল্কহেড-এর ধাক্কা লাগে। ভয়ে ৬০-৭০ জন যাত্রী পানিতে ঝাঁপ দেন। পানিতে পড়া যাত্রীদের মধ্যে সুনামগঞ্জ শহরতলির গোবিন্দপুরের শামছুল ইসলাম (৩৫) নিখোঁজ ছিলেন। দুইদিন পর রোববার ঘটনাস্থলের পাশের চরে শামছুলের মরদেহ ভেসে ওঠে।
দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর জানান, সকালে নিখোঁজ শামছুলের লাশ ঘটনাস্থলের পাশ থেকেই উদ্ধার করা হয়। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে লাশ নেওয়ার জন্য জেলা ম্যাজিস্ট্রেট-এর কাছে আবেদন করা হয়েছে। অনুমতি পেলে লাশ পরিবারের কাছে দেওয়া হবে।





