বিয়ানীবাজারে ডাকাতির প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্রসহ ৩ জন আটক
প্রকাশিত হয়েছে : ০৫ জানুয়ারি ২০২১, ১১:৪২:৩২
বিয়ানীবাজার থানা পুলিশের সাহসিকতায় বড় ধরনের ডাকাতির হাত থেকে রক্ষা পেয়েছে বিয়ানীবাজার। মঙ্গলবার রাত ৮টার দিকে পৌরশহরের খাসার পল্লীবিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকা থেকে আগ্নেয়াস্ত্রসহ তিন ডাকাতকে আটক করে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, বিয়ানীবাজারে বড় ধরনের ডাকাতির প্রস্তুতি নিচ্ছে সংঘবদ্ধ ডাকাতচক্র- পুলিশের সোর্স মাধ্যমে এমন সংবাদে নড়েচড়ে পুলিশ প্রশাসন। সিলেটের পুলিশ সুপার থেকে সহকারি পুলিশ সুপার (সার্কেল) এর সাথে সার্বক্ষণিক যোগাযোগ, পরামর্শ এবং পুলিশের বিশ্বস্ত সোর্স এর মাধ্যমে ডাকাত চক্রের গতিবিধি লক্ষ্য রাখা হয়। গত তিনদিন থেকে এ ডাকাতচক্রের সাথে ছায়ার মতো কয়েকজন পুলিশ সোর্স লেগে ছিলেন।
পুলিশ জানায়- সর্বশেষ প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার রাত ৮টার দিকে খাসা এলাকায় আসার পর আগে থেকে ওৎপেতে থাকা বিয়ানীবাজার থানা পুলিশ ডাকাতদের বহনকারি মাইক্রো এর গতিরোধ করে। এসময় ডাকাতরা পালানোর চেষ্টা করলে পুলিশ তিন ডাকাত সদস্যকে আটক করতে সক্ষম হয়। আটককৃতদের বিয়ানীবাজার থানা দ্রুত সময়ের মধ্যে নিয়ে আসে পুলিশ। এ সময় ডাকাতদের কাছে থাকা ব্যাগ থেকে দুইটি বন্দুক, একটি রিভলবার, ১৪টি কার্তুজ, ৩টি রাম দা, অত্যাধনিক কাটারসহ ডাকাতিকাজে ব্যবহৃত হয় এমন সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।
ধৃত ডাকাতদের আটককালে সহকারি পুলিশ সুপার (সার্কেল) সুদীপ্ত রায়, বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায়, পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসানসহ থানা পুলিশের এসআই, এএসআইসহ একদল পুলিশ।
ডাকাত আটক ও অস্ত্রসহ ডাকাতিকাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায়। তিনি বলেন, ‘ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। আটককৃতরা বিয়ানীবাজার থানা পুলিশের হেফাজতে রয়েছে। এ চক্রের আরও সদস্যদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছি। ডাকাতদের আটকের বিষয়ে প্রেস ব্রিফিং করে পরবর্তীতে সাংবাদিকদের বিস্তারিত জানানো হবে।’





