লন্ডন থেকে সিলেটে এলেন ৪২ যাত্রী, থাকবেন নির্ধারিত হোটেলে
প্রকাশিত হয়েছে : ০৪ জানুয়ারি ২০২১, ৬:০৪:২১
সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কঠোর নজরদারির মধ্য দিয়ে লন্ডন থেকে সিলেট আসা ৪২ যাত্রীকে হোটেলে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। লন্ডন থেকে বিমানের সরাসরি ফ্লাইট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ৪৮ যাত্রী নিয়ে অবতরণ করে। তাদের বাসে করে নিয়ে যাওয়া হয় হোটেলে। এক শিশুসহ ৪২ জনকে সিলেটে এবং ছয় যাত্রীকে নামানো হয় ঢাকায়।
৪৮ যাত্রী নিয়ে সোমবার (৪ জানুয়ারি) দুপুর ১২টায় লন্ডন থেকে বিমানের বিজি টু-জিরো-টু ফ্লাইট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামে। এরপর বিমানবন্দরের হেলথ ডেস্কে লন্ডন থেকে আনা কোভিড-১৯ নেগেটিভ সনদ জমা নিয়ে স্বাস্থ্য পরীক্ষাসহ আনুষ্ঠানিকতা শেষে বাসে ওঠানো হয়। হোটেল পর্যন্ত সেনা সদস্যরা যাত্রীদের সঙ্গী হন। সরকারের নির্দেশে নিজ খরচে হোটেলে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকাকে লন্ডন থেকে আসা যাত্রীরা সহজভাবেই নিয়েছেন।
যাত্রীদের স্বজনরা, করোনার কারণে তাদের কোয়েন্টাইনে নেওয়া হয়েছে। এটা আমাদের জন্য ভালো। তবে একটু খারাপ লাগছে। দীর্ঘদিন পর দেশে আসছে কিন্তু দেখতে পাব না এখন।
প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিমানবন্দরে ফ্লাইট আসার আগেই অবস্থান নেন।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক মো. হাফিজ আহমদ বলেন, যাত্রীরা জানেন তাদের কোয়ারেন্টাইনে যেতে হবে। আমরা বিধি মোতাবেক তাদের কোয়ারেন্টাইনে পাঠিয়েছি।
পরে ছয় যাত্রী নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে সিলেট ছাড়ে লন্ডন থেকে আসা বিমানের ফ্লাইটটি।
এদিকে যুক্তরাজ্যে কোভিডের দ্বিতীয় ধাপে, নতুন ধরনের করোনার সংক্রমণ বাড়তে থাকায় ঝুঁকি এড়াতে, ২৩ ও ৩০ জানুয়ারি সিলেট থেকে লন্ডনগামী ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ।





