সিলেটে ওয়ার্ল্ড ভিশন’র প্রি-প্রাইমারি শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২৬, ১১:২৮:০৭

সিলেট অফিস : মানসম্মত, শিশুবান্ধব ও অন্তর্ভুক্তিমূলক প্রি-প্রাইমারি শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন এর পাঁচ দিনব্যাপী ‘প্রি-প্রাইমারি শিক্ষা বিষয়ক সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ’ সম্পন্ন হয়েছে।
ওয়ার্ল্ড ভিশন সিলেট এডিপির আয়োজনে আজ বৃহস্পতিবার নগরীর একটি অভিজাত হোটেলে পাঁচ দিনব্যাপী এই প্রশিক্ষণে ওয়ার্ল্ড ভিশন’র বিভিন্ন এলাকার প্রোগ্রাম অফিসাররা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম এবং সিলেট সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শরীফ মো. নেয়ামত উল্লাহ। অতিথিরা প্রি-প্রাইমারি শিক্ষার গুণগত মান উন্নয়ন, সরকারি-বেসরকারি অংশীদারিত্ব জোরদার এবং শিশুদের কল্যাণে সমন্বিতভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরে ভবিষ্যতেও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, সিলেট এডিপির সিনিয়র ম্যানেজার অনুকূল চন্দ্র বর্ম্মনের তত্ত্বাবধানে প্রশিক্ষণটি পরিচালনা করেন সংস্থাটির শিক্ষা বিশেষজ্ঞ জনপল স্কু, টনি উইলসন ডি ক্রশ এবং তপতি রানী সরকার। এতে হাতে-কলমে কার্যক্রম ও দলীয় অনুশীলনের মাধ্যমে খেলাভিত্তিক শিক্ষা, কারিকুলাম বাস্তবায়ন, শিখন কেন্দ্র পরিচালনা, ইতিবাচক প্যারেন্টিং ও শিশু সুরক্ষার বিষয়ে দক্ষতা অর্জন করেন অংশগ্রহণকারীরা। এই প্রশিক্ষণ প্রোগ্রাম অফিসারদের কারিগরি সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি তৃণমূল পর্যায়ে প্রি-প্রাইমারি শিক্ষার শক্ত ভিত্তি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান আয়োজকরা।



