পর্তুগালের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোর আইসিইউতে
প্রকাশিত হয়েছে : ১৫ জুন ২০২৬, ৯:৪৮:৫৮

সিলেটে নিজের পছন্দের দল পর্তুগালের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হামিদ আহমদ (১৫) নামে এক কিশোর আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।
সোমবার (১৫ জুন) দুপুরে সিলেট মহানগরীর দক্ষিণ সুরমার মোগলাবাজার থানার কুচাই পশ্চিমভাগ এলাকায় এ ঘটনা ঘটে।
আহত হামিদ আহমদ (১৫) এসএসসি পরীক্ষার্থী এবং ওই এলাকার আক্তার মিয়ার ছেলে।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আজ দুপুরে বাড়ির পাশের একটি গাছে পর্তুগালের পতাকা টানাতে ওঠে হামিদ। এ সময় গাছের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের সঞ্চালন লাইনের সংস্পর্শে এসে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সিলেটের আল হারামাইন হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সেখানে সে আইসিইউতে চিকিৎসাধীন।’



