লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের
প্রকাশিত হয়েছে : ১৭ এপ্রিল ২০২৬, ১:৫৪:২৯

ইসরাইল ও লেবানন ১০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ট্রাম্পের নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, ‘লেবানন ও ইসরাইলের দুই নেতা তাদের দুই দেশের মধ্যে শান্তি অর্জনের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে ১০ দিনের যুদ্ধবিরতি শুরু করতে সম্মত হয়েছেন।’
‘বৃহস্পতিবার থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হবে।’ ট্রাম্প ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু ও লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে কথা বলার পর এ কথা জানান।
ট্রাম্প লেখেন, ‘গত মঙ্গলবার ওয়াশিংটন, ডিসিতে ৩৪ বছরের মধ্যে প্রথমবারের মতো দুই দেশ একত্রিত হয়। সেখানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উপস্থিত ছিলেন।’
ট্রাম্প আরও লেখেন, ‘তিনি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং যৌথ সামরিক প্রধানদের চেয়ারম্যান ড্যান রেজিন কেইনকে ইসরাইল ও লেবাননের সঙ্গে কাজ করে দীর্ঘস্থায়ী শান্তি অর্জনের নির্দেশ দিয়েছেন।’
শেষে যুদ্ধবিরতির প্রসঙ্গে টেনে তিনি লেখেন, ‘আমি বিশ্বজুড়ে এখন পর্যন্ত ৯টি যুদ্ধ সমাধান করেছি; এটি হবে দশম।’ শেষে ট্রাম্প লেখেন, ‘লেটস গেট ইট ডান।’



