ফ্রান্সে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল জগন্নাথপুরের যুবকের
প্রকাশিত হয়েছে : ৩১ মে ২০২১, ১২:০৯:১৯
ফ্রান্সে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত মোহাম্মদ আলী (২২) সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ২নং পাটলী ইউনিয়নের করিমপুর গ্রামের আব্দুর রউফের ছেলে।
শনিবার (২৯ মে) ফ্রান্সের লিল শহরে সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা যায়, আব্দুর রউফের ৩ ছেলে ও ৭ মেয়ে রয়েছে। এর মাঝে মোহাম্মদ আলী দ্বিতীয়। উন্নত জীবন গড়ার স্বপ্ন নিয়ে ২০১৪ সালে ফ্রান্স যান তিনি । আয়-রোজগারও করতেন ভাল। পরিবারে অনেকটা চাহিদা মিটিযেছেনও এরই মধ্যে। কিন্তু এ দুর্ঘটনা সব ধূলিস্মাত করে দিল। তার মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমেছে।
নিহত মোহাম্মদ আলীর বাবা আব্দুর রউফ জানান, মোবাইলের মাধ্যমে তিনি জানতে পেরেছেন, মোহাম্মদ আলী শনিবার (২৯ মে) ফ্রান্সের লিল শহরে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার ছেলের লাশ ফ্রান্স হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তিনি তার ছেলের লাশ বাংলাদেশ আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন।
এদিকে, মোহাম্মদ আলীর মৃত্যুতে প্রবাসী কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।





