সিলেটে ডাবল মার্ডার মামলায় ২ আসামিকে জামিন দেননি হাইকোর্ট
প্রকাশিত হয়েছে : ০৪ ফেব্রুয়ারি ২০২১, ৮:৩৯:২০
সিলেটের গোয়াইনঘাটে জমি নিয়ে বিরোধে দুই গ্রামের মধ্যকার সংঘর্ষে দুজন নিহত হওয়ার ঘটনায় করা মামলার দুই আসামিকে জামিন দেননি হাইকোর্ট। আসামিরা হলেন- ফয়েজ আহমেদ ও জামাল উদ্দিন। আদেশের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. বশির উল্লাহ।
তিনি জানান, এই আসামিরা হাইকোর্টের আরও তিনটি পৃথক বেঞ্চে জামিন আবেদন করেছিলেন। ওই সব বেঞ্চ তাদের জামিন আবেদন শুনানি নিয়ে খারিজ করে দিয়েছেন। কিন্তু তাদের সেসব কোর্টের আবেদনের তথ্য গোপন করে এই কোর্টে জামিন চেয়েছেন, তাই আদালত জামিন আবেদনকারীর আইনজীবীর প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন।
আসামিদের জামিন আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আজ আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী মো. আনোয়ার হোসেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. বশির উল্লাহ।
২০১৮ সালের ২৪ মার্চ সিলেটের গোয়াইনঘাটের সালুটিকর বাজার এলাকায় মিত্রিমহল ও বহর গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষে দুজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়। নিহতরা হলেন- মিত্রিমহল গ্রামের আবদুল জলিলের ছেলে আলী আহমদ (২৫) ও আজিজুর রহমানের ছেলে রুমেল আহমদ (৩০)।
সালুটিকর বাজার এলাকায় মসজিদের জমি নিয়ে মসজিদের মোতাওয়াল্লী মিত্রিমহল গ্রামের আবদুস সোবহান এবং বহর গ্রামের জামাল উদ্দিন, ফখর উদ্দিন ও ফয়েজ আহমদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে দুই গ্রামের লোকজনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে এক পক্ষের ছোড়া গুলিতে আলী আহমদ এবং রুমেল গুলিবিদ্ধ হয়ে মারা যান এবং দুই পক্ষের অন্তত ২০ জন আহত হন। এরপর ফয়েজ আহমেদ ও জামাল উদ্দিন জামিন চেয়ে হাইকোর্টে আবেদন জানান। তবে আদালত তাদের জামিন নামঞ্জুরের আদেশ দেন।





