আলামত নষ্টকারীদের গ্রেফতারের দাবি রায়হানের মায়ের
প্রকাশিত হয়েছে : ১৪ নভেম্বর ২০২০, ৫:০৬:২৩
ছেলে হত্যা মামলার মূল আসামি সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সাবেক উপ-পরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূঁইয়া গ্রেফতার হলেও এবার আলামত নষ্টকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন নিহত রায়হান উদ্দিনের মা সালমা বেগম।
আজ শনিবার দুপুর ১২টার দিকে নগরের আখালিয়ার নেহারিপাড়া এলাকায় নিজ বাসায় সংবাদ সম্মেলন করে এই দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনের আয়োজন করে বৃহত্তর আখালিয়া (বারো হামছায়া) সংগ্রাম পরিষদ।
তিনি বলেন, ঘটনার দিন আমার ছেলের পরনের টি-শার্ট ও নীল রঙের প্যান্ট ছিল। কিন্তু হাসপাতালে দেখা গেছে, তার পরনে লাল রঙের শার্ট। প্যান্টও বদলানো হয়েছে, যেটা তার শরীরের চেয়েও অনেক ছোট ছিল। এটা কারা করেছে, তা আমি জানি না। এছাড়া আমার ছেলের মোবাইলফোন ও মানিব্যাগ এখনো পর্যন্ত দেওয়া হয়নি। মূলত সব তাকে নির্যাতনের সময় মূল আলামত পরনের কাপড় নষ্ট করা হয়েছে।
আকবরকে পালিয়ে যেতে সহায়তাকারী ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের শনাক্ত করে গ্রেফতার দাবি জানিয়ে বলেন, আমি চাই, আমার ছেলের হত্যার সঙ্গে যারাই জড়িত তাদের গ্রেফতার করে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়া হোক। তারা চার ঘণ্টা মধ্যেই আমার ছেলেকে মেরে ফেলেছে।
সালমা বেগম বলেন, মামলার তদন্ত নিয়ে আমি সন্দেহ পোষন করি না। কেননা পুলিশের তৎপরতার কারণেই আমার ছেলে হত্যার মূল অভিযুক্ত পলাতক থাকা সাবেক এসআই আকবর গ্রেফতার হয়েছে। কিন্তু আমার নিরাপরাধ ছেলেকে কারা, কি জন্য মেরেছে এটি এখনও বেরিয়ে আসেনি।
তবে মূল আসামি আকবরকে গ্রেফতার করতে পারায় পুলিশকে ধন্যবাদ জানান। সেসঙ্গে খাসিয়া সম্প্রাদায়সহ সীমান্ত এলাকার লোকজনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
একইসঙ্গে হত্যাকাণ্ডের পর সাংবাদিক ও এলাকাবাসীসহ সব শ্রেণী-পেশার মানুষ রায়হানের পরিবারের পক্ষে থাকায় তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, রায়হান হত্যার ঘটনায় আসামিরা ১৬৪ ধারায় স্বীকারোক্তি না দিলেও প্রত্যক্ষদর্শী তিন পুলিশ সদস্য আদালতে সাক্ষী দিয়েছেন। যে কারণে এটার মূল গ্রাউন্ড মৃত্যুদণ্ড সেই সাজা হবে, আমরা আশাবাদী।
এসময় অন্যান্যের উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের চার নম্বর ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, আট নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াসুর রহমান ইলিয়াস, অত্র ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জগদীশ দাস, রায়হানের মামা শওকত আলী প্রমুখ।





