‘নগরনাট’র গানমিছিলে চলমান অরাজকতার প্রতিবাদ
প্রকাশিত হয়েছে : ২৩ অক্টোবর ২০২০, ২:০০:৪৭
সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে পুলিশের নির্যাতনে যুবক নিহতের ঘটনায় এখনো প্রতিবাদ কর্মসূচিতে উত্তাল সিলেট। এমন বাস্তবতায় দিনব্যাপী নানা কর্মসূচির পাশাপাশি রায়হান হত্যাসহ চলমান অরাজকতার বিরুদ্ধে নগরীতে ‘গানমিছিল’ করেছে সিলেটের নাট্যসংগঠন ‘নগরনাট’।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল পাঁচটায় ক্বীন ব্রিজের নিচ থেকে প্রতিবাদী ‘গানমিছিল’টি শুরুর পর বন্দরবাজার, জিন্দাবাজার হয়ে সিলেট কেন্দ্রিয় শহিদমিনারে গিয়ে শেষ হয়। এই মিছিলে অংশ নিয়ে বাধ্যযন্ত্রের ছন্দে আর গানে গানে চলমান নানা অরাজক ঘটনায় ক্ষোভ জানানো হয়। গানে গানে প্রতিবাদ জানানো হয় খুন-ধর্ষণ আর বিচারহীনতার।
গান মিছিলে নগরনাট’র সদস্যরা ছাড়াও দুষ্কাল প্রতিরোধে আমরা’র সংগঠক আব্দুল করিম কিম, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত, ভূমিসন্তান বাংলাদেশের সমন্বয়ক আশরাফুল কবির, গণজাগরণ মঞ্চ সিলেটের সংগঠক রাজীব রাসেল, আইনজীবী দেবব্রত চোধুরী লিটনসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশ নেন।
নগরনাট’র সংগঠক অরূপ বাউল জানান, দেশে একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঘরে বাইরে কোথাও নিরাপদ নয় নারীরা। পুলিশ হেফাজতেও মানুষকে পিটিয়ে মেরা ফেলা হচ্ছে। আমরা এই পরিস্থিতি থেকে পরিত্রাণ চাই।
তিনি বলেন, ‘আমাদের মুক্তিযুদ্ধসহ সকল লড়াই সংগ্রামে গানের একটা শক্তিশালী ভূমিকা রয়েছে। প্রতিবাদে-প্রতিরোধে অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়েছে গান। তাই আমরা গানমিছিল করে চলমান অরাজকতার প্রতিবাদ জানিয়েছি।’





