সিলেটে প্রতিপক্ষের ছুরিকাঘাতে কিশোর খুন
প্রকাশিত হয়েছে : ০৩ সেপ্টেম্বর ২০২০, ৪:৩৬:১৩
সিলেট প্রতিপক্ষের ছুরিকাঘাতে তানভীর আহমদ (১৭) নামে এক কিশোর খুন হয়েছেন। তানভীর সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ছালেহপুর গ্রামের শফিক মিয়ার ছেলে।
বুধবার (০২ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে বুধবার বিকেলে পূর্ববিরোধের জেরে একই গ্রামের আব্দুল গণির ছেলেরা তাদের বাড়ির সামনে তানভীরের ওপর হামলা চালায়। এ সময় তারা তানভীরের মাথা ও ঘাড়ে ছুরিকাঘাত করেন। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
নিহত তানভীরের বাবা শফিক মিয়া বলেন, জায়গা-জমি সংক্রান্ত বিরোধ চলছে আব্দুল গণির পরিবারের সঙ্গে। এর আগে গণি মিয়ার ছেলে তৌহিদ, ভাতিজা পাপ্পু আমার ওপর হামলা চালিয়েছিল। বিষয়টি মীমাংসা হলেও তারা আমার ছেলের ওপর একাধিকবার হামলার চেষ্টা করে। বুধবার বিকেলে আমার ছেলে বাড়ি থেকে বের হয়ে বাজারের দিকে যাওয়ার পথে গণি মিয়ার ছেলে ও ভাতিজা বাড়ির সামনে হামলা চালায়। আমার ছেলের মাথা ও ঘাড়ে ৭-৮টি ছুরিকাঘাত করেছে তারা। মাথার আঘাত গুরুতর হওয়ায় রক্তক্ষরণে ছেলেটার মৃত্যু হয়েছে।
সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি এসএম শাহাদৎ হোসেন বলেন, জায়গা-জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় তানভীর নিহত হয়েছেন। বুধবার প্রতিপক্ষের লোকজন তাকে ছুরিকাঘাত করে। ওইদিন রাতে হাসপাতালে তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।





