ব্রিটেনে করোনায় ম্লান বড়দিনের উৎসব
প্রকাশিত হয়েছে : ২৫ ডিসেম্বর ২০২০, ৫:১৫:৪৮
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ব্রিটেনে এই বছরের বড়দিনের সব আয়োজন লণ্ডভণ্ড হয়ে গেছে। ব্রিটেনজুড়ে কড়া লকডাউনের বিধি ও নিষেধাজ্ঞাগুলোর বেড়াজালে থমকে গেছে সব আয়োজন। শুধু বাইরে নয়, মানুষজন যাতে বড়দিন উৎসবে ঘরে ঘরে মিলিত না হতে পারে সেই বিষয়ে সরকারি কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
বড়দিন উৎসবকে ঘিরে আনন্দ উৎসাহ-উদ্দীপনা আর আপন স্বজনদের সঙ্গে মিলিত হওয়ার রেওয়াজ ব্রিটেনের প্রাচীন ঐতিহ্য। প্রাচীন এই উৎসব এবার থমকে গেছে করোনাভাইরাসের ভয়াল আগ্রাসনে। ব্রিটেনবাসী কখনো ভাবেনি যে, এ ধরনের সুনসান নীরবতার মাঝেই পালন করতে হবে এবারের বড়দিন।
ব্রিটেন প্রবাসী এক বাংলাদেশি বলেন, জীবনে প্রথম বড়দিন এতটা নিরানন্দে কাটছে। প্রতিদিন পরিচিত কেউ কেউ আক্রান্তের খবর পাচ্ছি। বেশ কয়েকজন মারা গেছেন। সংক্রমণ এখন আবার বাড়তে শুরু করেছে। এ অবস্থায় উৎসবের আনন্দ জীবনে কোনো প্রভাবই ফেলতে পারে না।
আরেক প্রবাসী বাংলাদেশি বলেন, করোনা সংক্রমণরোধে সরকার যে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে তাতে আত্মীয়স্বজন কারো সঙ্গে দেখাসাক্ষাতের সুযোগ রাখা হয়নি। উৎসবে প্রিয়জনের সঙ্গে সান্নিধ্য আনন্দ বহুগুণ বাড়িয়ে দেয়। কিন্তু এবার বড়দিন, বলা যায় বন্দিশালায় কাটছে।
করোনা মহমারিতে বড়দিনের প্রার্থনায় উঠে আসে করোনার আগ্রাসন দূর হয়ে পুরো বিশ্ব যেন ফিরে আপন মহিমায়।
প্রার্থনায় অংশ নেওয়া প্রবাসী এক বাংলাদেশি বলেন, যিশুখ্রিষ্টের জন্মদিনে আমাদের প্রার্থনা থাকবে পৃথিবী যেন খুব দ্রুত আগের নিয়মে ফিরে আসে। আগের মতো আমরা বড়দিনের উৎসব উদযাপন করতে পারি।
আরকে বাংলাদেশি প্রবাসী বলেন, পৃথিবী যেন আবার হেসে উঠে। আমরা আবারও যেন বড়দিন উদযাপন করতে পারি এ প্রার্থনা করছি।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এবার ব্রিটেনের জন্য সবচেয়ে খারাপ ক্রিসমাস বলে মন্তব্য করেন লন্ডনের মেয়র সাদিক খান।





