সিলেটে আটক আরও ১১ রোহিঙ্গাকে ক্যাম্পে ফেরত
প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০২০, ১১:০২:১৫
সিলেটের দক্ষিণ সুরমা থেকে আটক হওয়া আরও ১১ রোহিঙ্গাকে উখিয়া ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে। আদালতের নির্দেশের পর সোমবার রাতে তাদের ক্যাম্পে ফেরত পাঠায় সিলেটের দক্ষিণ সুরমা থানা পুলিশ। সোমবার সকালে দক্ষিণ সুরমার যমুনা মার্কেটের পাশে একটি বাস কাউন্টারের সামনে থেকে তাদের আটক করা হয়।
এর আগে ৬ ডিসেম্বর ভারত থেকে বাংলাদেশের কক্সবাজারস্থ উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার সময় দক্ষিণ সুরমার কদমতলী এলাকা থেকে ১৪ রোহিঙ্গাকে আটক করা হয়। ওইদিন তাদের সঙ্গে দুই মানব পাচারকারীকেও আটক করা হয়।
মঙ্গলবার সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের জানান, জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে দক্ষিণ সুরমার একটি বাস কাউন্টারের সামনে থেকে ১১ নারী-পুরুষ ও শিশু রোহিঙ্গাকে আটক করা হয়। তারা ভারতে যাওয়ার চেষ্টা করছিল। আটককৃতদের আত্বীয়-স্বজন ভারতে রয়েছেন বলে তারা জানায়।





