মাদ্রাসায় যাওয়ার পথে ছুরিকাঘাতে মাওলানা জুবায়ের খুন
প্রকাশিত হয়েছে : ১৪ আগস্ট ২০২৫, ৬:৩২:৪০

সিলেটে মাদ্রাসায় যাওয়ার পথে মাওলানা জুবায়ের আহমদ (৫৩) নামে এক মাদ্রাসা শিক্ষক খুন হয়েছেন। নিকটাত্মীয়ের ছুরিকাঘাতে তিনি খুন হয়েছেন বলে জানা গেছে।
বুধবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ নিয়ে গত এক সপ্তাহে চারটি হত্যাকাণ্ড ঘটল।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
পুলিশ জানায়, নিহত জুবায়ের আহমদ বড়গুল গ্রামের বাসিন্দা ও স্থানীয় ডা. তানজিনা আহমেদ দাখিল মাদ্রাসার শিক্ষক ছিলেন।
স্থানীয়রা জানান, গ্রামের মইন উদ্দিনের ছেলে নয়ন মাদ্রাসার পাশেই মাওলানা জুবায়েরকে উপর্যুপরি ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এর আগেও একটি হত্যা মামলায় নয়ন জেল খেটেছিল।
জালালাবাদ থানার ওসি হারুনুর রশিদ জানান, ওই শিক্ষকের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পারিবারিক বিরোধের জেরে তাকে খুন করা হয়েছে বলে জানা গেছে। অভিযুক্ত নয়ন নিহত ব্যক্তির আত্মীয়।
এদিকে গত এক সপ্তাহে এ নিয়ে চারটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো। গত মঙ্গলবার সন্ধ্যায় এয়ারপোর্ট থানার খাদিমনগর জাতীয় উদ্যানে ছুরিকাঘাতে খুন হন গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি গ্রামের মোহাম্মদ আজাদ (২৫) নামে এক যুবক। এর আগে গত শনিবার রাতে গোলাপগঞ্জ পৌর এলাকায় ছুরিকাঘাতে খুন হন রনি হোসেন (২৯) এবং বৃহস্পতিবার মধ্যরাতে সিলেট নগরীর কিন ব্রিজের নিচে ছিনতাই সংক্রান্ত বিরুদ্ধে খুন হন ডালিম নামের আরেক যুবক।




