কানে হেডফোন লাগিয়ে রেললাইনে ফি-ফায়ারে ব্যস্ত, ট্রেনে কাটা পড়ে মৃত্যু
প্রকাশিত হয়েছে : ০৩ জুন ২০২২, ৭:১৬:৩৪
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ফ্রি-ফায়ার গেম খেলার সময় ট্রেনে কাটা পড়ে হৃদয় বাবু (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল ১১টায় উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের ভাদেরা (জামতলী) গ্রাম সংলগ্ন রেললাইন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
হৃদয় একই ইউনিয়নের আছিয়া নাজির রেসিডেন্সিয়াল মডেল স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র এবং সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের রাজারামপুর এলাকার মৃত বাবলু হোসেনের ছেলে। হৃদয় তিন বছর বয়স থেকে ভাদেরা গ্রামের বাসিন্দা নানা মজিবর রহমানের বাড়িতে বসবাস করে আসছিল।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার স্কুল বন্ধ থাকায় হৃদয় সকালে ঘুম থেকে উঠেই কানে হেডফোন লাগিয়ে মোবাইলে ফি-ফায়ার গেম খেলতে খেলতে বাড়ি থেকে বের হয়। এক পর্যায়ে সে রেললাইনে গিয়ে বসে। ঠিক একই সময়ে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি চিরিরবন্দর থেকে ছেড়ে আসে। ট্রেন একাধিকবার হর্ণ দিলেও কানে হেডফোন থাকায় হৃদয় তা শুনতে পায়নি। ফলে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জিআরপি থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম।
তিনি জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ উদ্ধার করে তাদের নিকট হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।





