ঈশ্বরদীতে ৮ পায়ের ছাগল!
প্রকাশিত হয়েছে : ২৬ মে ২০২১, ১:১৬:৫৪
ঈশ্বরদীতে আট পা নিয়ে একটি কালো রঙের ছাগলের জন্ম নিয়েছে।
মঙ্গলবার (২৫ মে) দুপুরে উপজেলার মুলাডুলি ইউনিয়নের আটঘরিয়া গ্রামের মৃত চেরাগ আলী মোল্লার ছেলে মোহাম্মদ সিদ্দিক আলী মোল্লার বাড়িতে এই ছাগলের বাচ্চা জন্ম নেয়।
ছাগলটির মালিক সিদ্দিক আলী জানান, প্রথম ও দ্বিতীয় ছাগলটি একটি স্বাভাবিক বাচ্চার জন্ম দেয়। পরের বাচ্চাটি অস্বাভাবিক। এটির আটটি পা। এ সংবাদ লেখা পর্যন্ত ছাগল ছানাটি সুস্থ আছে। তবে দ্বিতীয় ছাগল ছানাটি জন্মের কিছুক্ষণ পর মারা যায় বলেও জানান তিনি।
এদিকে বিস্ময়কর এ ঘটনার কথা ছড়িয়ে পড়লে ছাগল ছানাটি দেখতে আজ মঙ্গলবার আশে-পাশের গ্রামের শতশত মানুষ ভিড় জমায়।
এ বিষয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম বলেন, গর্ভধারণের সময় একাধিক শুক্রাণু গর্ভাশয়ে প্রবেশ করার ফলে অস্বাভাবিক বাচ্চা জন্ম নেয়। এ ধরনের বাচ্চা অনেক সময় জন্মের পরপরই মারা যায়। আবার কিছু বাচ্চা বেঁচে গেলেও তারাও অল্প দিনের ব্যবধানে মারা যায়। এ ধরনের সমস্যা মানুষের ক্ষেত্রেও হয়ে থাকে বলে জানান তিনি।





