শ্রীলঙ্কাকে ২৪৭ রানের লক্ষ্য দিল টাইগাররা
প্রকাশিত হয়েছে : ২৫ মে ২০২১, ৬:১৮:৪১
মুশফিকের দুর্দান্ত সেঞ্চুরিতে সব উইকেট হারিয়ে শ্রীলঙ্কাকে ২৪৭ রানের লক্ষ্য দিল টাইগাররা। এর আগে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা।
১০০ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ফেলার পর দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিক ও মাহমুদউল্লাহর জুটি। পঞ্চম উইকেটে এ দুজন মিলে তুলেছেন ১০৮ বলে ৮৭ রান। তবে মাহমুদউল্লাহ উচ্চাবিলাসী হয়ে লক্ষণ সান্দাকানকে প্যাডেল সুইপ না করতে গেলে হয়তো আরও বড় হতো জুটিটা। রান বাড়ত বাংলাদেশেরও।
আরও একবার ব্যাট হাতে হতাশ করেছেন বাংলাদেশের তরুণরা। লিটন, মোসাদ্দেক, আফিফ, মিরাজ কেউই বড় স্কোর গড়তে পারেননি, পারেননি মুশফিককে সাহায্য করতে। ফলাফল আগের ম্যাচের চেয়েও ১১ রান কম নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে তামিম ইকবালের দলকে।
বৃষ্টি বিঘ্নিত ম্যাচে পুরো ৫০ ওভার ব্যাটিং করতে পারল না বাংলাদেশ। ৪৮.১ ওভারে অল আউট হয়ে গেল ২৪৬ রানে। কায়রিয়ারের অষ্টম সেঞ্চুরি পাওয়া মুশফিক আউট হয়েছেন বাংলাদেশের সর্বশেষ ব্যাটসম্যান হিসেবে। ১২৭ বলে ১২৫ রানের ইনিংসে ১০টি চার মেরেছেন বাংলাদেশের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। গত ম্যাচেও সেঞ্চুরির আশা জাগিয়েছিলেন মুশফিক। কিন্তু ৮৪ রানে দুর্ভাগ্যজনকভাবে ফিরতে হয় তাকে। তবে এবার আর ভুল করলেন না। চাপের মুখে থাকা দলকে উদ্ধার করার পাশাপাশি নিজেও তুলে নিলেন ব্যাক্তিগত অষ্টম সেঞ্চুরি।বাংলাদেশের ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান এসেছে মাহমুদউল্লাহর ব্যাট থেকে।





