শুভ্র তুষারে স্বর্গরাজ্য কাশ্মীর
প্রকাশিত হয়েছে : ০৬ জানুয়ারি ২০২১, ১১:১০:২২
শুভ্র তুষারে ছেয়ে গেছে ভারতের কাশ্মীর। অব্যাহত তুষারপাতে স্বর্গরাজ্যে পরিণত হয়েছে রাজধানী শ্রীনগরসহ গোটা কাশ্মীর। মনোমুগ্ধকর এ তুষারপাত উপভোগে দেশটির বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই ছুটে আসছেন হাজারো পর্যটক। অন্যদিকে, রাশিয়ার মস্কোয় স্কি রিসোর্টগুলোতে ভিড় করছেন সাধারণ মানুষ। এছাড়াও, চীনের হারবিনে শুরু হয়েছে ঐতিহ্যবাহী বরফ উৎসব।
শুভ্র তুষারে আচ্ছাদিত এক টুকরো স্বর্গরাজ্য কাশ্মীর। শীতকালে অব্যাহত তুষারপাতে বরফে ঢাকা গোটা জম্মু-কাশ্মীর। তুষারপাত আর বরফ দেখতে তাই দেশটির বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকের পদচারণায় মুখর রাজধানী শ্রীনগর।
পর্যটকরা বলেন ‘এটা সত্যিই অসাধারণ, যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। জীবনের সেরা অনুভূতি।’
প্রতিবছরই তুষারপাত দেখতে এখানে ভিড় করেন পর্যটকরা। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। তুষারপাত দেখতে পেয়ে তার খুব খুশি। কোন হোটেল খালি নেই।
অন্যদিকে, ইউরোপের দেশ রাশিয়ায় করোনার সর্বোচ্চ সংক্রমণ সত্ত্বেও তীব্র তুষারপাতের মধ্যে রাজধানী মস্কোর স্কি রিসোর্টগুলোতে ভিড় করছেন সাধারণ মানুষ। করোনার বিধিনিষেধ ভুলে বরফের মধ্যে নানা ধরনের কসরতের পাশাপাশি খেলাধূলায় মেতে ওঠেন তারা।
তারা বলেন, ‘এখানকার আমেজটা সত্যিই অন্যরকম। বরফের মধ্যে স্কিয়িং করার সুযোগটা তাই মিস করতে চাইনি।’
এদিকে, চীনের হারবিনে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত বরফ উৎসব ২০২১। শীত মৌসুমে সারা বছরজুড়েই দেশ বিদেশের পর্যটকরা অপেক্ষায় থাকেন এই ঐতিহ্যবাহী উৎসবের। এবারও, বরফ দিয়ে তৈরি নানা ধরনের ভাষ্কর্যের প্রদর্শনী ছাড়াও বিভিন্ন শীতকালীন খেলাধূলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে উৎসবে।





