বড়লেখায় ইউনিয়ন অফিসে আগুন: তিন সদস্যের তদন্ত কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ২৫ এপ্রিল ২০২১, ১১:০৭:৫৩
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন পরিষদ কার্যালয় ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
মৌলভীবাজার জেলা প্রশাসকের নির্দেশনায় বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান এই কমিটি গঠন করে দেন।
কমিটির আহবায়ক হচ্ছেন বড়লেখার সহকারী কমিশনার (ভূমি) নূসরাত লায়লা নীরা। সদস্য হচ্ছেন বড়লেখা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান ও বড়লেখা উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অনুপ কুমার সিংহ।
সরেজমিনে তদন্ত করে তাদের পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (২৫ এপ্রিল) সকাল ৮টার দিকে বড়লেখা থানার ওসি মৌলভীবাজারে যাবার পথে দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন পরিষদ কার্যালয় ভবন থেকে ধোঁয়া বের হতে দেখেন। তিনি বিষয়টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনাম উদ্দিনকে জানান ও ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ইউনিয়ন পরিষদ ভবনের সেমিপাকা ৫টি কক্ষ পুড়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে চেয়ারম্যানের কক্ষ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, ডিজিটাল সেন্টার ও গ্রাম আদালতের কক্ষসহ পাঁচটি কক্ষের পাশাপাশি ইউনিয়নের ৫টি কম্পিউটার এবং গুরুত্বপূর্ণ সকল নথি পুড়ে ছাই হয়ে গেছে।
বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান রোববার (২৫ এপ্রিল) বিকেল ৫টায় বলেন, ‘দুপুরে উপজেলা চেয়ারম্যানসহ আমরা ঘটনাস্থলে পরিদর্শন করেছি। জেলা প্রশাসকের নির্দেশনায় ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছি। কমিটি পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে।’





