সিলেটে বিপুল ভারতীয় পণ্যসহ আটক ৮
প্রকাশিত হয়েছে : ১২ মার্চ ২০২৬, ১:২৭:৪৯

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাটে অভিযান চালিয়ে বিপুল ভারতীয় কসমেটিকস পণ্যসহ আটজনকে আটক করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।
বুধবার (১১ মার্চ) সকালে উপজেলা সদরের ব্রিজের পাশে গোয়াইনঘাট থানার এসআই মো. মোজাম্মেল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় সীমান্তবর্তী এলাকা থেকে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে আনা বিভিন্ন ব্র্যান্ডের আনুমানিক ১২ লাখ ৩৮ হাজার ৮৪৫ টাকার ভারতীয় পণ্যসহ দুটি প্রাইভেটকার জব্দ ও চালকসহ ৮ জনকে আটক করা হয়।
আটকরা হলেন, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মীরকুটিরয়েও গ্রামের হোসেন ভূঁইয়ার ছেলে শাওন আহমদ, নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার বাজবী তাঁতিপাড়া গ্রামের আজিম উদ্দিন মোল্লার ছেলে মো. সুমন মোল্লা ও মো. স্বপন মোল্লা, একই এলাকার মৃত রবিউল ইসলামের ছেলে মো. তামিম, সিলেটের গোয়াইনঘাট উপজেলার কালিনগর গ্রামের নুর আহমেদের ছেলে মো. আলমগীর হোসেন, ঠাকুরগাঁও জেলার বাণী শংকেল এলাকার মৃত ছমির উদ্দিনের ছেলে মোহাম্মদ রেজাউল করিম, কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার রামধন গ্রামের মৃত আব্দুল বাড়ির ছেলে মো. রুবেল সরকার ও গোয়াইনঘাট উপজেলার কালিনগর গ্রামের হাবিবুর রহমানের ছেলে জুয়েল আহমেদ।
গোয়াইনঘাট থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, আটকদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকদ্রব্য ও চোরাচালানের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।



