পৌরসভার ড্রেন নির্মাণের সময় দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ০৮ মার্চ ২০২৬, ৯:১২:১৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে পৌরসভার ড্রেন নির্মাণের সময় সীমানা প্রাচীরের দেয়াল ধসে নাইরুল ইসলাম (২৬) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (৮ মার্চ) বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ঢাকা বাসস্ট্যান্ডসংলগ্ন কোর্টপাড়া মহল্লায় কেএম শাহাবুদ্দিনের বাড়ির সীমানা প্রাচীরের দেয়াল ধসে এ দুর্ঘটনা ঘটে।
নাইরুল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের অরুণবাড়ি বেহুলা গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে পৌরসভার ড্রেন নির্মাণের কাজ করছিলেন নাইরুল। একপর্যায়ে পাশের একটি বাড়ির সীমানা প্রাচীরের দেয়াল ধসে তার ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি নূরে আলম জানান, ড্রেন নির্মাণের সময় দেয়াল ধসে চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।



