করোনায় আক্রান্ত বারাক ওবামা
প্রকাশিত হয়েছে : ১৪ মার্চ ২০২২, ২:৩৬:১৩
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্থানীয় সময় রোববার টুইটে ওবামা নিজেই তার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন।
তবে বারাক ওবামার স্ত্রী ও সাবেক মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা অবশ্য করোনায় সংক্রমিত হননি। তার স্ত্রী করোনা পরীক্ষায় নেগেটিভ হয়েছেন বলে জানান তিনি। খবর ওয়াশিংটন পোস্টের।
টুইটে ওবামা লিখেছেন, ‘কয়েক দিন ধরেই আমার গলাব্যথা ছিল। তবে আপাতত ভালোই আছি।’
যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট বারাক ওবামার বয়স এখন ৬০। গত শীতের বেশির ভাগ সময় তিনি হাওয়াইতে ছিলেন। সম্প্রতি হাওয়াই থেকে ওয়াশিংটন ডিসিতে ফেরেন তিনি। এরপরই করোনায় সংক্রমিত হলেন তিনি।
যুক্তরাষ্ট্রের দ্বিতীয় কোনো প্রেসিডেন্ট হিসেবে করোনাভাইরাসে সংক্রমিত হলেন ওবামা। এর আগে ওবামার উত্তরসূরি ডোনাল্ড ট্রাম্প সস্ত্রীক করোনায় আক্রান্ত হন।





