কুলাউড়ায় কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ০৫ জুন ২০২১, ৮:৪৬:৩১
মৌলভীবাজারের কুলাউড়ায় আশরাফ উদ্দিন রাহিম (১৬) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সে উপজেলার বরমচাল ইউনিয়নের আলীনগর ওসমানপুর গ্রামের জাহাঙ্গীর উদ্দিনের ছোট ছেলে।
শনিবার (৫ জুন) সকালে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে রাহিম নিজ ঘরের বৈদ্যুতিক ফ্যানের সাথে রশি দিয়ে গলায় ফাঁস দেন। অনেকক্ষণ তার কোন সাড়াশব্দ না পেয়ে বড় ভাই ফাহিম ও পিতা জাহাঙ্গীর উদ্দিন ঘরে দরজা খুলে দেখতে পান ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় রাহিম। পরে তাকে উদ্ধার করে রাত ১২ টার দিকে কুলাউড়া হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় জানান, শনিবার (৫ জুন) সকালে কিশোর রাহিমের লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে কুলাউড়া থানায় একটি অপমৃত্যু দায়ের করা হয়েছে।





