বাংলাদেশি তরুণীকে নির্যাতনের ভিডিও ভাইরাল : ভারতে পালানোর চেষ্টাকালে গুলিতে আহত ২
প্রকাশিত হয়েছে : ২৮ মে ২০২১, ৯:৩৮:৩৩
ভারতে বাংলাদেশি এক তরুণীকে নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় গ্রেপ্তার ছয়জনের মধ্যে দুজন ‘পালানোর সময়’ গুলিতে আহত হয়েছেন বলে জানিয়েছে বেঙ্গালুরু পুলিশ।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, কীভাবে কী ঘটেছিল তা জানতে গ্রেপ্তার ছয়জনকে শুক্রবার ভোর ৫টার দিকে ঘটনাস্থলে নিয়ে যায় পুলিশ। সেখানেই গুলির ঘটনা ঘটে।
পূর্ব বেঙ্গালুরু পুলিশের ডেপুটি কমিশনার শরণাপ্পা এসডির বরাতে প্রতিবেদনে বলা হয়, ক্রাইম সিন থেকে দু’জন পালানোর চেষ্টা করলে পুলিশ গুলি ছোড়ে। পরে তাদের আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
ওই তরুণীকে বিভৎস কায়দায় নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। ভারতের পুলিশ বলছে, ২২ বছরের ওই তরুণীকে বিবস্ত্র করে শারীরিক নির্যাতনের পর দল বেঁধে ধর্ষণ করা হয়।
ভিডিওর সূত্র ধরে বৃহস্পতিবার ছয়জনের ওই দলটিকে গ্রেপ্তার করে বেঙ্গালুরুর পুলিশ। তারা সবাই একই গ্রুপের এবং বাংলাদেশি বলে ধারণা করা হচ্ছে। তাদের মধ্যে দুইজন নারীও রয়েছেন।
ঢাকার পুলিশ বলছে, তারা ছয়জনকে গ্রেপ্তার হওয়ার খবরটি জেনেছেন সংবাদমাধ্যম থেকে। এ ঘটনায় রাজধানীর হাতিরঝিল থানায় মানবপাচার ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন নির্যাতনের শিকার মেয়েটির বাবা।
হাতিরঝিল থানার ওসি মো. আব্দুর রশীদ বলেন, ‘টিকটকার হৃদয় বাবুসহ কয়েকজনকে আসামি করে বৃহস্পতিবার রাতে মামলাটি করেন মেয়েটির বাবা। গণমাধ্যম থেকে আমরা কয়েকজনকে গ্রেপ্তারের খবর পেয়েছি। তবে অফিসিয়াল চ্যানেলে এখনও ভারতের পুলিশের সঙ্গে যোগাযোগ হয়নি।’
বেঙ্গালুরু পুলিশ বলছে, নির্যাতনের ঘটনাটি ঘটে ছয় দিন আগে। ভাইরাল ওই ভিডিও দেখার পর অপরাধীদের ধরতে প্রথম পদক্ষেপ নেয় আসাম পুলিশ। পাঁচ নিপীড়কের ছবি প্রকাশ করে তাদের ধরিয়ে দিতে টুইটারে পুরস্কার ঘোষণা করে আসাম পুলিশ।
হিন্দুস্থান টাইমস জানায়, ভিডিওটির উৎস খুঁজতে গিয়ে আসাম পুলিশ জানতে পারে, নির্যাতনে জড়িতরা আছে বেঙ্গালুরুতে। তারপর সেই তথ্য কর্ণাটক পুলিশকে দেয় তারা। পরে বেঙ্গালুরু পুলিশ ভিডিওর সূত্র ধরে ছয়জনকে গ্রেপ্তার করে।






