কালীগঞ্জ যাত্রীবাহী বাস উল্টে ১০ জন নিহত
প্রকাশিত হয়েছে : ১০ ফেব্রুয়ারি ২০২১, ৬:১৩:৪৯
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস উল্টে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় বাসযাত্রীদের সকলেই কম-বেশি আহত হয়েছেন।
উপজেলার বারোবাজার পেট্রলপাম্পের সামনে পৌনে ৪ টার দিকে এই ঘটনা ঘটে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে নিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেছে।
কালীগঞ্জের মন্টু জানান, বাসটি যশোর থেকে ঝিনাইদহ যাচ্ছিল। বারোবাজার পেট্রলপাম্পের সামনে জেকে পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গিয়ে ঘটনাস্থলেই ১০ জন নিহত হন। এছাড়া, আহত হন বাসের প্রায় সব যাত্রী।
বারোবাজার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোকলেসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।





