‘দুটি বাদে’ পৌর নির্বাচনের বাকি ফল প্রত্যাখ্যান বিএনপির
প্রকাশিত হয়েছে : ২৯ ডিসেম্বর ২০২০, ৫:১৯:৩৯
প্রথম ধাপে দেশের ২৪ পৌরসভায় অনুষ্ঠিত নির্বাচনের দুটি পৌরসভা বাদে বাকি সবক’টির ফল প্রত্যাখ্যান করেছে বিএনপি। এই নির্বাচনে মাত্র দুটি পৌরসভায় জয় পেয়েছে দলটি।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই নির্বাচন কমিশন (ইসি) ভুয়া; সবগুলো চোর- এটা আমার কথা নয়, বিশিষ্টজনদের কথা। তাদের নিয়ে কথা বলাটাই অপমানজনক।
মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, এ সরকারের আমলে এই নির্বাচন কমিশনের পরিচালনায় কখনোই কোনো সুষ্ঠু নির্বাচিত হতে পারে না আরেকবার সেটি প্রমাণ হলো।
তিনি বলেন, ‘পৌর নির্বাচনে আমরা একটাও বর্জন করিনি। এই নির্বাচনের ফল কী তা জনগণ দেখেছে। আমরা দুটো বাদ দিয়ে সবগুলোর ফলাফল প্রত্যাখ্যান করেছি। প্রথম দফায় অনুষ্ঠিত নির্বাচনী ফল ছিল পূর্বনির্ধারিত।
সোমবার পৌর নির্বাচনের প্রথম দফায় ২৪টি পৌরসভায় ভোট হয়। ভোট চলাকালেই বিএনপি ব্যাপক অনিয়মের অভিযোগ তোলে। শেষ পর্যন্ত ১৮ পৌরসভাতেই মেয়র পদে ক্ষমতাসীন আওয়ামী লীগ, তিনটিতে স্বতন্ত্র প্রার্থী আর দুটিতে বিএনপি প্রার্থীরা জয়ী হন।
এছাড়া ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে আবারও অনাস্থার কথা জানিয়ে বিএনপি মুখপাত্র বলেন, এগুলো কিছু কিছু পূর্বনির্ধারিত বটেই, কিছু ইভিএমের কারসাজি।
তিনি বলেন, আমরা ইভিএমে বরাবরই আপত্তি জানিয়ে এসেছি যে, ইভিএমে সবচেয়ে বেশি কারচুপির সুযোগ রয়েছে। কারণ আমাদের দেশের মানুষ এখনো বুঝতেই পারে না ইভিএম কী?
বিএনপি মহাসচিব বলেন, আজকে যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ইউরোপ, ভারতও ইভিএমের বিরুদ্ধে কথা বলছে। এই মেশিন দিয়ে সঠিক নির্বাচন কখনই সম্ভব নয়।
এ সময় ঠাকুরগাঁও বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল হামিদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।





