সাধ না মিটিল আশা না পুরিল
প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০২০, ২:৪১:৩৩
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন হয়ে গেলেও জয়-পরাজয়ের নির্ধারণে কিছু আনুষ্ঠানিকতা বাকি ছিল। সোমবার এর গুরুত্বপূর্ণ ধাপটিও শেষ হলো। এর মধ্য দিয়ে ক্ষমতাসীন ডোনাল্ড ট্রাম্পের পরাজয়ে টুকে গেল শেষ পেরেক।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, সাংবিধানিক রীতি মেনে এদিন ৫০ অঙ্গরাজ্য এবং কলম্বিয়া জেলার ইলেকটোরাল ভোটাররা এক সঙ্গে বসে তাদের ভোট দেন।
আর এতেই চূড়ান্তভাবে নির্ধারিত হয়ে যায় পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস।
ইলেকটোরাল কলেজ ব্যালটে বাইডেনের পক্ষে ভোট যায় ৩০৬টি এবং ট্রাম্পের পক্ষে ২৩২টি। প্রেসিডেন্ট হওয়ার জন্য যে ২৭০ ভোট প্রয়োজন সেটি ছাড়িয়ে গেছেন বাইডেন। এর মধ্য দিয়ে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউস দখলে রাখার সাধ মিটল না ট্রাম্পের।
এরপরই এক প্রতিক্রিয়ায় বাইডেন জানান, জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেছে।
তিনি বলেন, ‘মার্কিন গণতন্ত্রকে ধাক্কা, পরীক্ষা এবং হুমকি দেয়া হয়েছিল কিন্তু প্রমাণিত হয়েছে সেটি অটল, সত্য এবং শক্তিশালী।’
মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট বলেন, ‘আমরা জনগণ ভোট দিয়েছি। আমাদের প্রতিষ্ঠানের ওপর বিশ্বাস ছিল। আমাদের নির্বাচনের বিশুদ্ধতা অক্ষুন্ন রয়েছে। অতএব এখন সময় পৃষ্ঠা উল্টানোর, ঐক্য এবং উপশমের।’
তিনি আরও বলেন, ‘এই জাতির মধ্যে বহু আগে গণতন্ত্রের শিখা জ্বলেছিল। আমরা জানি যে মহামারী বা ক্ষমতার অপব্যবহার কোনো কিছুই এই শিখাটি নিভিয়ে দিতে পারে না।”
তবে এই ফলাফলও ট্রাম্প মেনে নেবেন না সেটি মনে করা হচ্ছে।
শুরু থেকেই জয় দাবি করে আসছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলোতে একের পর এক মামলা করেন, শরণাপন্ন হন সুপ্রিম কোর্টেরও। যদিও সব জায়গা থেকে ফিরিয়ে দেয়া হয় ট্রাম্পকে।
সুপ্রিম কোর্টে আবেদন নাকচ হয়ে যাওয়ায় ইলেকটোরাল কলেজের প্রতি ট্রাম্প আহ্বান জানান বাইডেনের পক্ষে ভোট না দিতে। এমনকি ইলেকটোরাল কলেজের সভা পিছিয়ে দেওয়ার আহ্বানও জানিয়েছিলেন তিনি। কিন্তু তার আহ্বানে সাড়া দেয়নি ইলেকটোরাল কলেজ।
ইলেকটোরাল ভোটগুলো মার্কিন কংগ্রেসে পাঠানো হবে। ৬ জানুয়ারি আনুষ্ঠানিক গণনা শেষে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। সেখানেও ফল পাল্টানোর চেষ্টা করতে পারেন ট্রাম্প।
তবে এ পর্যায়েও তিনি সফল হবেন না সেটি নিশ্চিত বলা চলে। ২০ জানুয়ারি দুপুরে শপথ গ্রহণ করার মাধ্যমে পরবর্তী চার বছরের জন্য হোয়াইট হাউসে উঠবেন বাইডেন।





