কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
প্রকাশিত হয়েছে : ১০ জুলাই ২০২৬, ৭:২৮:১৮

কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জ থানার ওসি সফিকুল ইসলাম খানকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সিলেটের পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেকের সই করা এক আদেশে এই তথ্য জানানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সফিকুল ইসলামের বিরুদ্ধে উপজেলার চোরাকারবারি ও পাথর কোয়ারি থেকে অবৈধভাবে পাথর উত্তোলনকারীদের সহযোগিতার অভিযোগ রয়েছে। নির্দিষ্ট টাকার বিনিময়ে তিনি এসব কাজে সহযোগিতা করেন বলে স্থানীয়ভাবে অভিযোগ রয়েছে। এ ছাড়া চাঁদাবাজির সঙ্গেও তার সম্পৃক্ততার অভিযোগ আছে।
অভিযোগের বিষয়ে জানতে ওসি সফিকুল ইসলাম খানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করলেও তিনি সাড়া দেননি। তাই তার বক্তব্য জানা যায়নি।
সিলেটের পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক বলেন, সফিকুল ইসলাম খানের বিরুদ্ধে সুনির্দিষ্ট কিছু অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এর আগে তাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
এদিকে জেলা পুলিশ সূত্রে জানা গেছে, সফিকুল ইসলামের সংযুক্তিকরণের আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে অফিস আদেশে জানানো হয়। এ ছাড়া ওই থানায় এখনও নতুন কাউকে দায়িত্ব দেওয়া হয়নি।



