দেশের ঈদের আমেজ লন্ডনে
প্রকাশিত হয়েছে : ২০ মার্চ ২০২৬, ১০:১৮:৪৪

মুহাম্মদ শাহেদ রাহমান, যুক্তরাজ্য থেকে : প্রবাসে এক মাস সিয়াম সাধনার পর যথাযোগ্য মর্যাদায় যুক্তরাজ্যের বিভিন্ন শহরের মুসলমানেরা ঈদ যাপন করেছেন।
যুক্তরাজ্যে বিভিন্ন শহরে পবিত্র ঈদুল ফিতরের দিনে মুসলমানেরা নিজ নিজ শহরের মসজিদে এবং বিভিন্ন পার্কের খোলা জায়গায় নামাজ আদায় করেছেন ।
শুক্রবার (২০ মার্চ) সকালে যুক্তরাজ্যের বৃহত্তম ঈদুল ফিতরের নামাজের জামায়াত শুরু হয় সকাল ৭ টায় ইস্ট লন্ডন মসজিদে। তারপর একই মসজিদে সকাল ৮.৩০ মিনিটে, ৯.৩০ মিনিটে, ১০.৩০ মিনিটে পৃথক পৃথক ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে।

পূর্ব লন্ডনে ব্রিকলেন জামে মসজিদে প্রথম ঈদ জামাত শুরু সকাল ৮ টায়। পরে প্রতিঘন্টা পর পর একটি করে ৪ টি জামায়াত অনুষ্ঠিত হয়। এভাবে যুক্তরাজ্যের লন্ডন সহ অন্যান্য শহরের মসজিদ গুলোতে এক বা একাধিক ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। অনেকগুলো শহরে পার্কের খোলামাঠেও ঈদুল ফিতরের জামায়াত অনুষ্ঠিত হওয়ার পাওয়া গেছে।
ইস্ট লন্ডন মসজিদে ঈদের নামাজ আদায় করে মুসল্লি নাহিদ জায়গীদার জানান- ব্রিকলেন মসজিদ বা ইস্ট লন্ডন মসজিদে নামাজ আদায় করলে ইসলামী সংস্কৃতি ও দেশের ঈদের আমেজ পাওয়া যায় এই লন্ডনে, তখন মনে হয়না আমরা প্রবাসে আছি । যদিও অন্যান্য শহরে পূর্বলন্ডনের মতো আমেজ পাওয়া যায়না। কারণ পূর্ব লন্ডনের মতো বাঙালি বাংলাদেশী মুসলিমদের সংখ্যা অন্যান্য শহরে কম হলেও স্বল্প আমেজের ঈদ আনন্দের কম নেই।

মির্জা আবুল কাসেম বলেন- ঈদ হলো পরিবার ও বন্ধুদের একত্রিত হওয়ার, সুন্দর পোশাক পরার, খাওয়া-দাওয়া উপভোগ করার এবং উপহার আদান-প্রদান করার একটি সময়। যা এই যুক্তরাজ্যের লন্ডনসহ অন্যান্য শহরেও ব্রিটিশ বাংলাদেশী মুসলিমদের মাঝে ইদানিং পরিলক্ষিত হচ্ছে।
সকালে সরেজমিনে এসে দেখা গেছে, ইস্টলন্ডন মসজিদে নামাজ আদায় করতে ইস্ট লন্ডন মসজিদে ঈদের জামাতে শরিক হতে ছেলেকে নিয়ে, পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে দীর্ঘ লাইনে দাড়িয়ে আছেন অনেকেই।

ব্রিটেনে ঈদুল ফিতর উদযাপনে বাংলাদেশের স্বজনদের পাশে না থাকায় প্রবাসীদের তরুণদের অনেকের আক্ষেপ!
অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন বিশেষ করে রেস্টুরেন্টে যারা কাজ করছেন, ঈদের দিনে ছুটি পাননি তাই মনের দুঃখটা বেড়েই গেলো।
এস কে আশরাফুল হুদা বলেন- ব্রিটেনে রেস্টুরেন্ট সহ অন্যান্য ব্যবসায়ীরা ঈদের দিনে ছুটি ঘোষণা করা উচিত। ঈদের দিনে ছুটি এটি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা উচিত।



