সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে প্লান্ট হেলথ ক্লিনিকের যাত্রা শুরু
প্রকাশিত হয়েছে : ০১ মার্চ ২০২৬, ৪:৩০:০৮

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) প্লান্ট হেলথ ক্লিনিকের যাত্রা শুরু হয়েছে। হায়ার এডুকেশন এক্সেলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রজেক্টের আওতায় ‘এনহান্সিং দ্য প্লান্ট হেলথ ক্লিনিক ইন দ্য ডিপার্টমেন্ট অব প্ল্যান্ট প্যাথলজি অ্যান্ড সিড সায়েন্স ফর কাটিং-এজ রিসার্চ, কোয়ালিটি এডুকেশন অ্যান্ড স্ট্রেনথেন্ড আউটরিচ একটিভিটিজ’ শীর্ষক সাব-প্রজেক্টের মাধ্যমে এই ক্লিনিকের কার্যক্রম শুরু হয়েছে।
রোববার (১ মার্চ) সিকৃবির ভেটেরিনারি, অ্যানিম্যাল অ্যান্ড বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সাব-প্রজেক্টের ইনসেপশন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আধুনিক প্রযুক্তিনির্ভর গবেষণা ও মানসম্মত ল্যাব সুবিধা শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান অর্জনের সুযোগ সৃষ্টি করবে। একই সঙ্গে কৃষিক্ষেত্রে উদ্ভিদের রোগ নির্ণয়, পরামর্শ প্রদান এবং টেকসই উৎপাদন ব্যবস্থা গড়ে তুলতে প্লান্ট হেলথ ক্লিনিক কার্যকর ভূমিকা রাখবে।’
উদ্ভিদ রোগতত্ত্ব ও বীজ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. আসাদ-উদ-দৌলার সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-এলাহী, কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মো. শহীদুল ইসলাম এবং সাউরেসের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মাহবুব ইকবাল।
প্রকল্পের এসপিএম প্রফেসর ড. মো. মনিরুল ইসলাম বলেন, ‘প্লান্ট হেলথ ক্লিনিকের মাধ্যমে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা হাতে-কলমে শিক্ষা লাভের সুযোগ পাবে। পাশাপাশি এমএস ও পিএইচডি শিক্ষার্থীরা গবেষণার সুযোগ পাবে এবং কৃষকেরা উদ্ভিদের স্বাস্থ্য সুরক্ষা সংক্রান্ত যেকোনো পরামর্শ নিতে পারবেন।’
দিনব্যাপী কর্মশালায় শিক্ষক, গবেষক, ডিএই ও বিএডিসির কর্মকর্তা, এমএস ও পিএইচডি শিক্ষার্থী এবং কৃষকসহ প্রায় দেড় শতাধিক প্রতিনিধি অংশ নেন। -সংবাদ বিজ্ঞপ্তি



