করোনায় মারা গেলেন জগন্নাথপুরের আ.লীগ নেতা সৈয়দ সাব্বির
প্রকাশিত হয়েছে : ১৯ ডিসেম্বর ২০২০, ৯:০১:৩৪
জগন্নাথপুর প্রতিনিধি : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য, সাবেক কৃতি ফুটবলার সৈয়দ সাব্বির আহমেদ (৬০)।
শনিবার সকালে তিনি সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আওয়ামী লীগের সহ সভাপতি।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পারিবারিক সূত্রে জানা যায়, সৈয়দ সাব্বির আহমেদ করোনাভাইরাসের উপসর্গ নিয়ে গত ২৮ নভেম্বর জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। নমুনা পরীক্ষায় ৩০ নভেম্বর তার করোনা পজিটিভ শনাক্ত হয়। পরে তিনি সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১০ ডিসেম্বর তার করোনা নেগেটিভ এলেও নানা শারীরিক সমস্যা রয়ে যায়। চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি থেকেই তিনি চিকিৎসা নিতে থাকেন। সকালে তিনি মারা যান।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধু সূধন ধর বলেন, ‘করোনা শনাক্ত হলে সৈয়দ সাব্বির আহমেদকে সিলেটে পাঠানো হয়। তিনি সেখানেই মারা গেছেন।’





