বিশ্বনাথে ডাকাত শিপন হাজারী গ্রেফতার, আগ্নেয়াস্ত্র উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০২০, ১০:১৭:১০
সিলেটে ২১টি ডাকাতি মামলার এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ডাকাতের নাম শিপন হাজারী (৩১)। সে বালাগঞ্জের সাদিকপুর গ্রামের মােবাশ্বির আলীর ছেলে।
আজ মঙ্গলবার বিকেল ৪টায় বিশ্বনাথের উত্তর ধর্মদা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এরআগে গতকাল সোমবার দক্ষিণ সুরমা থেকে রাজীব এবং সবুজ নামের দুই ডাকাতকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গতকাল সোমবার বিশ্বনাথ থানা এলাকায় সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতি করার জন্য একত্রিত হয়। উক্ত ঘটনায় রাজীব এবং সবুজ নামের ২ ডাকাতকে গ্রেফতার করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা ২ দিন আগে দক্ষিণ সুরমা থানা এলাকায় ডাকাতি করে বলে প্রাথমিকভাবে পুলিশের কাছে স্বীকার করে। পরবর্তীতে তাদেরকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়। তাদের দল নেতা শিপন হাজারীকে আজ মঙ্গলবার বিকেল ৪টায় বিশ্বনাথের উত্তর ধর্মদা এলাকা হতে গ্রেফতার করে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার স্বীকারোক্তিতে ঐ এলাকার কবরস্থান হতে ২টি দেশীয় তৈরি পাইপগান, ১ টি গ্রীল কাটার ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামী প্রায় ১০ বছর ধরে ডাকাতির সাথে জড়িত বলে সিলেট জেলা পুলিশের বিজ্ঞপ্তিতে জানানো হয়।
পুলিশ আরো জানায়, সে আন্ত: বিভাগীয় ডাকাত দলের সর্দার। ডাকাত সর্দার শিপন হাজারীর বিরুদ্ধে সিলেট জেলা, সিলেট মেট্রোপলিটন এলাকা ও মৌলভীবাজার জেলার বিভিন্ন থানায় ডাকাতি, অন্ত্রসহ মোট ২১টি মামলা আদালতে বিচারাধীন ও তদন্তাধীন রয়েছে।





