কুলাউড়ায় বজ্রপাতে শিশুসহ নিহত ২
প্রকাশিত হয়েছে : ০৬ আগস্ট ২০২০, ১১:২২:২৪
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি : পৃথক বজ্রপাতের ঘটনায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় শিশুসহ ২ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই সঙ্গে বজ্রপাতের ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকাল ৩টার দিকে উপজেলার ভাটেরা ইউনিয়নের হাকালুকি হাওরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকালের দিকে ভাটেরা ইউনিয়নের সিংহনাদ গ্রামের রফিক মিয়ার দুই শিশুপুত্র ফাহিম (১২) ও ইব্রাহিম (৮) বাড়ির পার্শ্ববর্তী হাকালুকি হাওরে মাছ শিকার করছিল। বেলা সাড়ে ৩টার দিকে আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই বড় ভাই ফাহিমের মৃত্যু হয়। পরে গুরুতর আহতাবস্থায় ছোট ভাই ইব্রাহিমকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়।
প্রায় একই সময়ে বড়গাঁও গ্রামের হরি মালাকার (৫৫) হাকালুকি হাওরে মাছ শিকারকালে বজ্রপাতে নিহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাটেরা ইউপি চেয়ারম্যান সৈয়দ এ কে এম নজরুল ইসলাম জানান, উভয় পরিবার অত্যন্ত গরীব। এ সময় তিনি উভয় পরিবারের ১ মাসের ভরণ-পোষণের ব্যবস্থা করবেন বলেও উল্লেখ করেন।





